বৈষম্যমূলক আচরণে অ্যাক্টিভিশনকে ৫ কোটি ডলার জরিমানা

১৭ ডিসেম্বর, ২০২৩ ২১:৫০  

নারী কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণের জন্য পাঁচ কোটি ডলারের জরিমানা গুনতে হবে ভিডিও গেম নির্মাতা কোম্পানি অ্যাক্টিভিশনকে। তবে যৌন নিপীড়নের অভিযোগ থেকে রেহাই পাচ্ছে কোম্পানিটি।

এর আগে ২০২১ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাগরিক অধিকারবিষয়ক সংস্থা সিভিল রাইটস ডিপার্টমেন্ট (সিআরডি) অ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিরুদ্ধে এক মামলা করে, যেখানে আক্টিভিশনের বিরুদ্ধে নারী কর্মীদের পদোন্নতি না দেওয়া ও পুরষদের তুলনায় কম বেতন দেওয়ার অভিযোগ তোলা হয়।

মামলা করার আগে কোম্পানিটির বিরুদ্ধে দুই বছর তদন্ত চালিয়েছে সংস্থাটি। এতে উঠে আসে, কোম্পানি নিয়মিতই নারী কর্মীদের কম বেতন দেওয়ার পাশাপাশি পদোন্নতিতেও কৃপণতা করে। এ ছাড়া, নারী কর্মীদের তোলা যৌন নিপীড়নের বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতেও ব্যর্থ হয়েছে কোম্পানিটি।

তবে রয়টার্সের দেখা সমঝোতা চুক্তি অনুসারে, এ মামলা থেকে যৌন নিপীড়নের অভিযোগ প্রত্যাহার করবে সিআরডি।

উল্লেখ্য, গত অক্টোবরে প্রায় সাত হাজার কোটি ডলারে অ্যাক্টিভিশন কিনেছে মাইক্রোসফট।

ডিবিটেক/বিএমটি